গাইবান্ধা সদর উপজেলার নশরৎপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে নাহিদ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বোয়ালী ইউনিয়নের নশরৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাহিদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি সাইদুল ইসলামের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাহিদ নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।