দিনাজপুরে চারজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বিআরটিসির বাসচাপায় দিনাজপুরে চারজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বিআরটিসির বাসচাপায় দিনাজপুরে চারজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও চাঁদপুরে আরো তিনজন প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে ও গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: গতকাল সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর দশমাইল মোড় থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। রানীরবন্দর বাসস্ট্যান্ডে কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত ভ্যানে উঠছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ চারজন নিহত হন।

নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি বটতলীর খোচামুদ্দিনের ছেলে ভ্যানচালক আবদুল মজিদ (৫০) ও একই উপজেলার গোয়ালডিহি প্লানবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক নজরুল ইসলাম (৪৫), কক্সবাজারের টেকনাফ উপজেলার হটিখোলা এলাকার নত্তা ইয়াং চাকমা (৫২) ও একই এলাকার সাইওঙ্গো চাকমা (৪৫)। স্থানীয়রা জানিয়েছেন, মধু বিক্রি করতে কক্সবাজার থেকে ওই দুজন রানীরবন্দর বাজারে এসেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করেন। তার আগেই বিআরটিসি বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

সিরাজগঞ্জ: ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার রামগাঁতী গ্রামের শাহ আলীর ছেলে শুভ শেখ (২২) ও মুন্নাফ শেখের ছেলে স্বপন (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ শহরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক বা হেলপারকে আটক করা যায়নি।

চাঁদপুর: ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা সড়কের কুমারডুগী-জাফরবাড়ীর মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর পরিচয় জানা যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।

আরও