ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৪টি ফেরি। এছাড়া পাটুরিয়ায় ৫টি ও দৌলতদিয়া ঘাটে আরো চারটি ফেরি আটকে রাখা হয়। এতে দুর্ভোগে পড়ে নদী পারাপারের যাত্রীরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহি উদ্দিন রাসেল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত সাড়ে ১১টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘট্না এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে কেরামত আলী, শাহ পরান, গোলাম মাওলা ও ঢাকা ফেরি নামে ৪টি ফেরি। এছাড়া আরো ৯টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে অর্ধ শত যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।