পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিনিধিদের যৌথ সভার সিদ্ধান্তে এই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৩ জুন) ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সঙ্গে প্রতিটি পয়েন্টে দুজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রবেশপথগুলো হচ্ছে— শাহবাগ, নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, উদয়ন ও অফিসার টাওয়ার।
এছাড়া সেনাবাহিনীর সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় টহল জোরদার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেনা সদর দপ্তরের সামরিক অপারেশন অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আবাসিক হলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপত্তার স্বার্থে ১৪ জুন পর্যন্ত শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সব বাহিনীর সহযোগিতায় ঈদুল আজহার ছুটিকালে ক্যাম্পাস শান্তিপূর্ণ ও নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।