কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা ওরফে ‘টেংগর’ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল ও আজা মেম্বার গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ হয়। আহতদের কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চড়ইকুড়ি গ্রামে পটল ও আজা মেম্বার গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে মাদকসংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা সফল হয়নি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের গোলাম মোস্তফা ওরফে টেংগর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় সূত্রের দাবি, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এলাকার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরও