নতুন দাম নির্ধারণ

ফার্নেস অয়েলের লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। লিটারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা, যা আগে ছিল ৭০ টাকা ১০ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকালে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

এর আগে ফার্নেস অয়েলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সে ক্ষমতা বিইআরসির হাতে দেয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি জ্বালানি পণ্যটির দাম ঘোষণা করে। গতকাল দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।

বিপিসির অধীন থাকা জ্বালানি তেল বিপণন করা সরকারি চার কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস অয়েল বিক্রি করবে। এ তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়।

সরকারের নির্বাহী আদেশে ফার্নেস অয়েলের দাম সবশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে সংস্থাটি।

আরও