ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র দেখা গেছে। একই পরিবারে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে ছেলে ও বাবা আলাদা দুই প্রতীকে মাঠে সক্রিয় রয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং বর্তমানে ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা জানান, রাজনীতি আদর্শ ও অবস্থানের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। তাই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে এনসিপির প্রার্থী মাহবুব আলম জানান, বিষয়টি তার নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।