মাদারীপুর

টোল না দেয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলা, আহত ৩ কর্মী

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের ‘সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে’ কয়েকজন যুবকের টোল না দেয়াকে কেন্দ্র করে অফিস ঘরে হামলার ঘটনা ঘটেছে। এসময় টোলে কর্মরত ৩ কর্মচারী আহত হয়েছে। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, টোল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গতকাল (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পখিরা গ্রামে ঘটেছে।

সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল কার্যালয়ের হিসাব কর্মকর্তা এনামুল হক বলেন, 'পুরো ঘটনাটি আমাদের সিসি টিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। আমরা থানা পুলিশকে অবহিত করেছি। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানিয়েছেন, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল আদায়কে ঘিরে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। সেতুর টোল কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও