কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক জব্দমূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে রামখানা সীমান্ত ফাঁড়ির আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়। পরে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিক থেকে আসা কয়েকজন চোরাকারবারি তাদের বহন করা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি নাগেশ্বরী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর উদ্ধার করা সন্দেহজনক ক্রিস্টাল মেথ ‘আইস’ আসলে কী ধরনের মাদক, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, উদ্ধার করা পদার্থটি প্রকৃতপক্ষে ক্রিস্টাল মেথ ‘আইস’ কি না, তা পরীক্ষাগারের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে। অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রমও চলছে।