উখিয়ায় সমাবেশে রোহিঙ্গারা

আমরা দেশে ফিরতে চাই

‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’—এ প্রতিপাদ্য সামনে রেখে নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ হয়েছে।

নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পাশাপাশি মিয়ানমারে ফিরে গিয়ে নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তা দাবি করেছেন রোহিঙ্গারা।

উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে গতকাল সকালে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) আয়োজিত সমাবেশে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা অংশ নেন। ২০১৭ সালের সহিংসতায় নিহতদের স্মরণ করা হয় সেখানে। একই সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে বক্তব্য দেন আয়োজক ও রোহিঙ্গা নেতারা।

বক্তারা বলেন, ২০১৭ সালের সহিংসতার নয় বছর পার হলেও রোহিঙ্গাদের জীবনে সে ক্ষত এখনো গভীর। স্বজন হারানোর বেদনা, বসতভিটা হারানোর কষ্ট এবং নিজ দেশে ফিরতে না পারার অনিশ্চয়তা তাদের জীবনকে দীর্ঘদিন ধরে সংকটের মধ্যে রেখেছে। বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুত নিজেদের জন্মভূমি মিয়ানমারে ফিরতে চান বলে জানান।

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, ‘আমরা বিশ্বের কাছে ১০ মিনিট সময় চাই। নয়টি বছর পার করেছি। এ দেশ আমাদের নয়, আমরা আমাদের দেশে ফিরতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরাকানে ফিরে যাওয়াই রোহিঙ্গাদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং এ বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’

আরও