বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ম্যালেরিয়ায় মৃত্যু

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গতকাল সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫৮ বছর। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। গত সোমবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় ম্যালেরিয়া শনাক্ত হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৬টা ২৫ মিনিটে তিনি মারা যান।

মাহবুবুর রহমান স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এদিকে জুমার নামাজের পর রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে মাহবুবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সঙ্গে স্বল্পসময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, ‘দুই মাসের মতো হলো বাণিজ্য সচিবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তার কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।’

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেয়া মাহবুবুর রহমান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউজ, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও