বগুড়ার সদর উপজেলায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১১টার সময় এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাতে বাঘোপাড়া বন্দর থেকে নিজবাড়ি আশোকোলায় ফিরছিলেন সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাইফুল ইসলাম। পথে ৩-৪ জন ব্যক্তি তার পথরোধ করে এবং তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাস্তা থেকে পাশে ধান খেতে নিয়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম আলী। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।