দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, খাদ্যগুদামগুলোয় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কিনা এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কিনা, তা নিশ্চিত করতে চাই। এজন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।

দুর্যোগ মোকাবেলায় দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। তা মোকাবেলায় সক্ষমতা নিশ্চিত করতেই খাদ্য মজুদের ব্যবস্থা করা হচ্ছে।

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, খাদ্যগুদামগুলোয় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কিনা এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কিনা, তা নিশ্চিত করতে চাই। এজন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সেখানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, মজুদ করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জের মতো দেশের অন্যান্য জেলাতেও পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় খাদ্য মজুদের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

খাদ্যপণ্যের সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, আসলে আমি সম্প্রতি দায়িত্ব নিয়েছি। বেশিদিন হয়নি। আমাকে দেখতে হবে,পর্যবেক্ষণ করতে হবে, তারপর এ সম্বন্ধে মতামত দিতে পারব।

মন্ত্রী বলেন, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্য গুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও