ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন

চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশন সংলগ্ন কুমিল্লা সদর অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি এলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন।

কুমিল্লায় বিকল হয়ে মাঝপথে থেমে গিয়েছিল চলন্ত ট্রেন। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৩ মে) দুপুর ৩টার দিকে কুমিল্লা রেলস্টেশনের আউটারে বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশন সংলগ্ন কুমিল্লা সদর অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি এলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বেলা ৩টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন দিয়ে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখা হয়।

এ বিষয়ে কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ার খবরে দ্রুত বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশনে আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ময়মনসিংহ পাঠানো হয়েছে। তবে এতে প্রায় ১ ঘণ্টা বিলম্ব হয়। বিকল হওয়া ইঞ্জিনটি লাকসাম জংশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও