কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
গ্রেফতাররা হলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ৩১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল, ঢাকা দক্ষিণ ৩৩ নং ওয়ার্ডের ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নং কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান।
ডিবি জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।