গতকাল জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, ‘আর কত লোক মারা গেলে তিনি (সড়ক পরিবহনমন্ত্রী) অস্বস্তি বোধ করবেন?’
সড়ক পরিবহন মন্ত্রণালয় গত রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেন, এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে।
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, ‘বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছেন, যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন (৩৫১ জন)। এরপর আমরা দেখলাম দৌলতদিয়ায় একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়কমন্ত্রী বলল স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো, আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?’
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দৌলতদিয়ায় এত মানুষ মারা গেল, কিন্তু সড়ক পরিবহনমন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছে তাদের মাত্র ২৫ হাজার টাকা..., জীবনের মূল্য মাত্র ২৫ হাজার টাকা! আহতদের জন্য ১৫ হাজার টাকা।’
জামায়াতের এ এমপি বলেন, ‘আমরা তো ওয়েস্ট মিনস্টার সংসদীয় ফলো করি। ব্রিটেন হলে তো তিনি এতক্ষণে পদত্যাগ করতেন। সড়ক পরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কিনা? তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা?’
এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। মন্ত্রীরা অনেক বিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, ‘আইনমন্ত্রী বক্তব্য রাখেন এক রকম, কিন্তু তার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরিত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রী জবাব দেবেন, সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমরা আইনমন্ত্রীর বক্তব্যটা গ্রহণ করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রাখেন সেটাতে ভিন্নতা রাখা হয়।’ মন্ত্রীদের প্রাসঙ্গিক অনুযায়ী বক্তব্য দেয়ার সুযোগ দিতে স্পিকারকে অনুরোধ করেন জামায়াতের এ সংসদ সদস্য।
এদিকে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) সম্পূরক প্রশ্নে বলেন, ‘পুলিশের তৃণমূলের সদস্যদের যখন তদন্ত করতে পাঠানো হয়, কোনো খরচ থানা থেকে দেয়া হয় না। যেটা দেয়া হয়, সেটা খুবই অপ্রতুল। এজন্য পুলিশের একটা সংস্কৃতি প্রচলিত রয়েছে, “ম্যানেজ করে নাও”। এই ম্যানেজ করতে গিয়ে পুলিশ দুর্নীতিতে জড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় কর্মসূচিতে যে বাজেট দেয়া হয়, তা খরচের চেয়ে কম হওয়ার কারণে ব্যবসায়ী বা এলাকার বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষের কাছ থেকে অর্থ ওঠাতে হয়।’
হাসনাত আবদুল্লাহ তার প্রশ্নে জানতে চান, পুলিশকে তাদের রুটিন দায়িত্বগুলো পালনে যথাযথ বরাদ্দ দেয়া হবে কিনা?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ বাহিনীকে আরো বেশি কর্মক্ষম ও দুর্নীতিমুক্ত রাখার জন্য যথাযথ বাজেট দেয়ার বিষয়ে আগামী অধিবেশনে প্রস্তাব রাখা হবে। এটা সত্য যে পুলিশের যে পরিমাণ রিসোর্স বা বাজেট দরকার, দেশের অর্থনীতি হয়তো তা দিতে পুরোপুরি সক্ষম নয়। তবে সরকার একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশের ব্যবস্থা কায়েম করতে চায়, যাতে পুলিশ “ম্যানেজ করার কালচার” থেকে বেরিয়ে আসে, সেটা নিশ্চিত করতে হবে।’