ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২০ আগস্ট) সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা চৌরাস্তা এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ।
জানা গেছে, নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে এখন পর্যন্ত কয়েক দফায় মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সেই ধারাবাহিকতায় আজ সকালে বিজয়নগর উপজেলার চান্দুরা চৌরাস্তা এলাকায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তিন ইউনিয়নের হাজারো বাসিন্দা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন গত ১০ জুলাই জারি করা প্রজ্ঞাপনে হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করেছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী।
তাদের দাবি, আসন সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিজয়নগরের সবকটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সঙ্গেই যুক্ত রাখতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।