নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে দুই কর্মকর্তা সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে শাখার নিজস্ব ৪ লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে আবাদপুকুরে ফিরছিলেন তারা।
দুপুরে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি তাদের পথরোধ করেন। সবার মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে আহত করেন তারা। পরে কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান। স্থানীয়রা পরে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং ছিনিয়ে নেয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।