রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিযোগিতা করবেন ৬৮ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর তিন ধাপে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর তিন ধাপে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। দ্বিতীয় ধাপে ‘এ’ ইউনিটের আগামীকাল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। এবার তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২ লাখ ৭২ হাজার ৬২৫ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন রয়েছে ৩ হাজার ৯৯৭টি। সে হিসাবে প্রতি আসনে লড়বেন ৬৮ জন। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এ পাঁচ আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী কেন্দ্রে ৬৮ হাজার ৪৯০ জন, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৭ হাজার ৬৪৬ জন, খুলনা অঞ্চলে ২৩ হাজার ৯০৯ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ সন্নিহিত দুই ভেন্যুতে ৩৮ হাজার ২৫৭ জন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৫ পরীক্ষার্থী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি শেষ করেছে। ভর্তি পরীক্ষা কমিটি, প্রক্টর দপ্তর, আইসিটি সেন্টার, ছাত্র-উপদেষ্টা দপ্তর, পরিবহন ও হল প্রশাসনসহ স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডিনরা।

আরও