২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী- প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা প্রথমপত্র, ২ মে বাংলা দ্বিতীয়পত্র, ৩ মে ইংরেজি প্রথমপত্র, ৭ মে ইংরেজি দ্বিতীয়পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ১১ মে ধর্মশিক্ষা পরীক্ষা হবে।
আগামী ২৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হলে পরদিন ২৪ মে সংগীতসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ জুন পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেয়া হবে। প্রতি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।