জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন এবং তার চেতনার মতো করেই বর্তমান বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই সভার আয়োজন করে।
চিফ হুইপ বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে নির্যাতন ও গুমের মতো ঘটনার শিকার হয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে তারেক রহমান দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। এ সময় নজরুলের অসামান্য সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মহাপুরুষ বারবার জন্মগ্রহণ করেন না। তাই দেশের কল্যাণে দেয়া এই নেতৃত্ব অনুধাবন করে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
নজরুলের সার্বজনীনতার কথা তুলে ধরে চিফ হুইপ আরো বলেন, তিনি শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য লেখেননি। তিনি ধর্ম, প্রেম ও দ্রোহের সমন্বয়ে সাধারণ মানুষের কথা বলেছেন। জীবিত থাকা অবস্থায় কবিকে যথার্থ মূল্যায়ন করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি কেবল মৃত্যুবার্ষিকীতে নয়, বরং দৈনিক জীবনে কবির আদর্শ ধারন করার ওপর জোর দেন।
দেশের বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক সংকট কাটাতে জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। দীর্ঘদিনের সমস্যা কাটিয়ে উঠে একটি দেশকে পুনর্গঠন করতে সময় এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের অতীতে সংকট কাটানোর কথা স্মরণ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এই আয়োজনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল লতিফ মাসুম এবং নাট্যকার বাবুল আহমেদ। সভায় বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।