গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে বগুড়ায় মেরামতকাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’
স্লোগান সামনে নিয়ে দেশব্যাপী মেরামত কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার ২০০ কিলোমিটার রাস্তার পোটহোলসহ অন্যান্য মেরামতকাজ সম্পন্ন করতে পদক্ষেপ নেয়া হয়েছে। বগুড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সৈয়দ মো. সাইফুল ইসলাম। এ সময় এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলজিইডি বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলায় এ মেরামতকাজ করা হবে। রাস্তার মধ্যে থাকা খানাখন্দক, ভাঙা রাস্তা সংস্কার করা হচ্ছে।
এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবীর জানান, বগুড়া জেলায় ২০০ কিলোমিটার রাস্তায় খানাখন্দকসহ অন্যান্য ছোটখাটো মেরামতকাজ মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে শুরু হয়েছে।
বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, সদর উপজেলায় যেসব রাস্তায় খানাখন্দক বা ভেঙে গেছে তার তালিকা করে মেরামতকাজ প্রক্রিয়াধীন।