বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজ হওয়ার এক দিন পর নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মাছের ঘের থেকে শিশুটির মরদেহ পাওয়া গেছে।
নয়ন শিকদার একই গ্রামের মোশারফ শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়নের নানা মাহাবুব মৃধা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তখন তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় নয়নের মা ফারজানা চিতলমারী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজ নিলেও কোনো ফল পাওয়া যায়নি।
তিনি আরো জানান, শনিবার সকালে সুড়িগাতী গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের মাছের ঘেরে কাজ করতে গেলে পানিতে শিশুর মরদেহ দেখতে পান। এরপর শান্ত হালদার চিৎকার করলে নয়নের পরিবারের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।