ঝিনাইদহে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল বিকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম। শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ভবিষ্যতেও ঝিনাইদহের সার্বিক উন্নয়ন ও সামাজিক ব্যাধি দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’