দক্ষিণ আফ্রিকায় সিপিসিতে যোগ দিচ্ছেন ডেপুটি স্পিকার

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠেয় ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশগ্রহণের উদ্দেশে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন।

প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি ও সাকিলা ফারজানা এমপি এবং জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি কনফারেন্সে অংশ নেবেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধি দলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৩-১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত নেয়া হবে।

ডেপুটি স্পিকার কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অব দ্য ওয়েস্টার্ন কেপ এলান উইন্ডের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।

সিপিসিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসি নেতাদের সঙ্গে এক সংসদীয় কর্মশালায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল।

সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

আরও