বিশ্বের অন্যতম ঘনবসতির শহর ঢাকা ঈদের ছুটিতে এখনো প্রায় শূন্য। বন্ধ রয়েছে অধিকাংশ অফিস-আদালত, স্কুল-কলেজ ও শিল্প-কারখানা। আর এতেই উন্নতির দেখা মিলেছে এ শহরের বাতাসে।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ৫৫তম স্থানে রয়েছে ঢাকা। খুব ভালো না হলেও বাতাসের এ মানকে 'মাঝারি' বা 'সহনীয়' হিসেবে ধরা হয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, আজ সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৬৬, ১৬২ ও ১৫৬ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর। এছাড়া ১৩৭ স্কোর নিয়ে চতুর্থ সৌদি আরবের রিয়াদ এবং ১৩২ স্কোর নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে চিলির সেন্টিয়াগো ও ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।