চুয়াডাঙ্গা সীমান্তে তিন নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করেছে বিজিবি

তিন নারী-পুরুষকে শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তারা বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে। সেই তৎপরতা প্রতিহত করেছে মাধবখালী বিওপির টহল দল।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার-৭০/২-এস পিলার-৭০/২-এম বরাবর গেইট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প থেকে তিন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তারা বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে আসে। এর পর টহল দল শূন্য লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে তারা অবস্থান নেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি দৃঢ় অবস্থানে থাকায় তারা ওই ব্যক্তিরা ৫টা ২০মিনিটে ভারতের তারকাঁটার কাছে চলে যায়। পরবর্তীতে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্পের সদস্যরা সকাল ৭টা ৫৫ মিনিটে তাদের ৬৮/৫-এস বরাবর গেইট খুলে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবির তৎপরতায় বিএসএফের অবৈধভাবে নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি এরই মধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।

আরও