রাজবাড়ীতে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুর সদরের সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে গোয়ালন্দ উপজেলার বগারটিলা ও ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পাশের একটি কলাবাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা জাহানারা বেগম (৩০) ও তার মেয়ে সামিয়া (৩)।

পুলিশ জানায়, দুপুরে কুলসুম নামে এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন। পরে দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে মাটির নিচ থেকে মানুষের পায়ের অংশ দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় ফরিদপুর সদর থানা পুলিশও উপস্থিত ছিল।

পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবার জানায়, জাহানারা বেগম চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার স্বামী দুদিন আগে গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের স্থানটি ফরিদপুর জেলার সীমানার মধ্যে পড়লেও বিষয়টি নিয়ে যৌথভাবে তদন্ত চলছে।

আরও