গাজীপুরের কাপাসিয়ায় তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়িতে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আজ শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।
হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম (১৫) মারিয়া (৮), ফারিয়া (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)। পরিবারটি রাউৎকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত বলে জানা গেছে। এ ঘটনার সন্দেহভাজন ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাড়ির ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানিয়েছেন, পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে।