জাকার্তা সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রগতি ও এসডিজির চিত্র তুলে ধরলেন ড. সবুর খান

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ বাংলাদেশের উচ্চশিক্ষার অগ্রগতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে দেশের উদ্যোগ তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সবুর খান।

সম্মেলনের 'ড্রাইভিং চেঞ্জ: হাউ সাউথ এশিয়ান হায়ার এডুকেশন পাওয়ারস দ্য এসডিজিস' শীর্ষক আন্তর্জাতিক সেশনে তিনি এ কথা বলেন। সেখানে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদান রাখছে, তা তুলে ধরেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতা, নীতিনির্ধারক, গবেষক ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে ড. সবুর খান বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও কর্মক্ষম গ্র্যাজুয়েট তৈরি, গবেষণার কার্যকর ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন এবং উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এসডিজি অর্জনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

বক্তব্যে তিনি যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসডিজি-৪ (গুণগত শিক্ষা) এবং এসডিজি-১৭ (অংশীদারিত্বের মাধ্যমে লক্ষ্য অর্জন)-এ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

মানসম্মত শিক্ষা বিস্তার, উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি, ডিজিটাল উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ডিআইইউ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাস ব্যবস্থাপনা ও সামাজিক সম্পৃক্ততার প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের ধারণা যুক্ত করা গেলে সমাজে দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব।

এ আয়োজন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং এসডিজি অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। - বিজ্ঞপ্তি

আরও