জাতিসংঘে শামা ওবায়েদ

শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেয়া হয়।

শান্তি প্রক্রিয়া ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অর্থবহ অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। ফিলিপাইন, ইতালি ও জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেয়া হয়। ২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে প্রস্তাবটির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার অব্যাহত রয়েছে।’

বৈঠকে নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতা কার্যক্রম জোরদার, শান্তি আলোচনায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং জলবায়ু ও মানবিক কার্যক্রমে ডব্লিউপিএস এজেন্ডাকে আরো কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে। একই সঙ্গে নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহার মোকাবেলায় বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টি বৈঠকে তুলে ধরেন তিনি। এ উদ্যোগের আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে যোগ দেয়ারও আমন্ত্রণ জানান শামা ওবায়েদ।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও