মাদারীপুরের ডাসার উপজেলায় একটি কাঠের কারখানায় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম শরীফ নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শরীফ (১৪) গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভূরঘাটা-শশীকর সড়কের পশ্চিম পূয়ালী গ্রামে রবিউল ইসলামের একটি কাঠের কারখানায় দিনমজুর হিসেবে কাজ করত নজরুল। পরিবারের খরচে সহায়তা করতে সেখানে কাজ নেয় সে।
সকালে কারখানায় থাকা একটি কেমিক্যালযুক্ত ড্রাম খোলার চেষ্টা করেন নজরুল। এসময় ড্রামটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা হানিফ শরীফ বলেন, ছেলে হারানোর কষ্ট শুধু বাবা-মাই বোঝেন। নজরুলকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল। এখন কী করবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। এ বিষয়ে কারখানার মালিক রবিউল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।