গতকালের এ জয়ে বড় অবদান রাখেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব। ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়েছেন তারা।
কম্পাউন্ড পুরুষ দলীয় ইভেন্টে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের প্রথম স্বর্ণ। এর আগে কয়েকবার ফাইনালে উঠলেও সফল হতে পারেনি৷
ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেটেই ৫৭-৫৫ ব্যবধানে জেতে বাংলাদেশ। পরের সেটে জয় আসে ৫৮-৫৬ ব্যবধানে। তৃতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। জয় পায় ৫৮-৫৭ ব্যবধানে। তবে শেষ সেটে তাদের গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। ৫৯-৫৬ ব্যবধানে জিতে নিয়ে নিশ্চিত করে স্বর্ণ।
এ গৌরবময় অর্জনে দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আর্চারদের এ অসাধারণ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে যে বিশ্ব আর্চারির মানচিত্রে তারা এখন এক শক্তিশালী অবস্থানে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় আর্চারিতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য এ অর্জনের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। এ বিজয় দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ায় আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।’
এ ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আর্চারদের মানসিক দৃঢ়তার প্রমাণ।’ তিনি আশা করেন, এ জয় আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিক গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করবে।