বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে তাকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার ওপর। সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।
আজ শনিবার বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, গত ২৩ নভেম্বর দিবাগত রাত থেকে আজ ৬ ডিসেম্বর পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হয়ত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত আছে। তার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। তবে ওই সময় মেডিকেল বোর্ডের সদস্যরাও জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সময় যাওয়া ঠিক হবে না।
তিনি বলেন, মেডিকেল অ্যাম্বুলেন্স এখন প্রস্তুত আছে। খালেদা জিয়ার চিকিৎসাকেন্দ্রিক নিরাপত্তার বিষয়টিই এখন প্রাধান্য পাচ্ছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা দেশী–বিদেশী চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই বলে দেবে যে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। এখন আমাদের মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। তার নিরাপত্তা ও চিকিৎসাগত দিক অত্যন্ত প্রাধান্য পাচ্ছে।