অন্তত ন্যূনতম সুযোগ-সুবিধা নিয়ে মানুষ বসবাস করতে পারে—এমন একটি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চান বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, রাজধানীর জনসংখ্যা, আবাসন, যোগাযোগ, স্বাস্থ্য, পয়োনিষ্কাশন ও গণপরিবহনসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আলাদা কর্তৃপক্ষের অধীনে থাকায় সমন্বিত উদ্যোগ ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়।
আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট সিটি কনক্লেভ ২০২৬’ শীর্ষক আলোচনায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকার প্রকৃত জনসংখ্যা নিয়ে প্রশ্ন তুলে রাজউক চেয়ারম্যান বলেন, আমার প্রথম প্রশ্ন এ জনসংখ্যা নিয়ে। আমরা রাজধানী বা ড্যাপের এলাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা জানি। কিন্তু প্রকৃতপক্ষে জনসংখ্যা কত, তা আমরা জানি না। কেউ বলে দুই কোটি, কেউ বলে তিন কোটি। এ জনসংখ্যা কতটুকু পর্যন্ত এখানে নিতে পারব, যাদের নিয়ে আমরা একটা পরিকল্পনা করব?
তিনি বলেন, প্রতিদিনই মানুষ ঢাকায় আসছে এবং নতুন করে বস্তি গড়ে উঠছে। শুধু আইন প্রয়োগ করে বস্তি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, সেটিও ভাবতে হবে। ঢাকায় মানুষের প্রবেশ ঠেকানো না গেলে শুধু আইন দিয়ে বস্তি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, সে প্রশ্নও তোলেন তিনি।
বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে নগর পরিকল্পনা করার ওপর গুরুত্ব দিয়ে রিয়াজুল ইসলাম বলেন, ‘আপনাকে এ দেশের বাস্তবতায় প্ল্যান দিতে হবে। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার আদলে এখানে প্ল্যান দিতে পারবেন না। কারণ তাদের পর্যাপ্ত জমি আছে, তাদের লোকজন শিক্ষিত এবং সব ধরনের সুবিধা রয়েছে।’
স্মার্ট নগরের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, স্মার্টের উপযুক্ত বাংলা শব্দ খুঁজতে গিয়ে গুগলে দেখে ‘চৌকস’ শব্দটি পেয়েছেন। তবে তার লক্ষ্য হলো, ‘আমরা একটি বাসযোগ্য ঢাকা তৈরি করতে চাই, যেখানে অন্তত ন্যূনতম সুযোগ-সুবিধা নিয়ে বাস করা সম্ভব হয়।’