কর্মস্থলে অনুপস্থিত

ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক ডিবিপ্রধানসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু এই কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেহেতু তারা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী 'পলায়ন' এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী অনুপস্থিতির তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা পাপ্য হবেন।

সাময়িক বরখাস্তরা হলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) সঞ্জিত কুমার রায়, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অ্যাডিশনাল ডিআইজি রিফাত রজমান শামীম, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি) হাসান আরাফাত, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও বর্তমানে সরদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার ও বর্তমানে সরদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, খাগড়াছড়ি এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মূখার্জী, রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি) আয়েশা সিদ্দিকা, কক্সবাজারের উখিয়ার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, আরপিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. আবু মারূফ হোসেন ও ডিআইজি (কমান্ড্যান্ট) মহা. আশরাফুজ্জামান।

আরও