নরসিংদী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে দুজন নিহত হয়েছেন।

নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের ওপর থেকে নিচে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। এছাড়া নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে ও গতকাল বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করছিল। এ সময় অন্য একটি ট্রাকের মুখোমুখি হয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরসভার বাসাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫০) সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফের ছেলে এবং নুর উদ্দিন (৪৫) হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢামেকে পাঠানো হয়েছে।

অন্যদিকে নাটোরের সিংড়া উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মাহাবুব আলম বুলবুল (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। গতকাল বেলা ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল উপজেলার ক্ষিদ্র বড়িয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক এবং চৌগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে নন্দীগ্রামে ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন মাহাবুব আলম বুলবুল। পথে রণবাঘা বাসস্ট্যান্ডে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুলবুল নিহত হন।

আরও