লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মারা যান।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে শহরের মজু চৌধুরীরহাট সড়কে দুর্ঘটনায় পড়েন রুবেল। এসময় তার সঙ্গে গুরুতর আহত হন সিএনজি চালক বাহার উদ্দিন ও অপর যাত্রী স্বপন হোসেন।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি লাল-সবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিলেন সিএনজি। লক্ষ্মীপুর-মজু চৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌছঁলে পার্কিং করা একটি ড্রামট্রাক ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা আরেকটি ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাহার উদ্দিনের পা ছিড়ে যায়। এসময় স্বপন হোসেন ও চৌধুরী রুবেল গুরুতর আহত হন। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্য দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মারা যান। ড্রামট্রাক পুলিশ হেফাজতে আছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।