সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৬৩। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৯০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৫, বরিশালে ১৫৯, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫, সিলেটে নয়জন এবং ঢাকা বিভাগে ৬৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে খুলনা বিভাগে দুজন, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৯৪১ জন।