এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরো ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকট মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন তিনি।
আজ শনিবার ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ আলোচনার আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, আপনারা জানেন ১০ বছর হয়ে গেছে, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা, বাট ইট ইজ নট বাংলাদেশস প্রবলেম। দ্য প্রবলেম ওয়াজ নট ক্রিয়েটেড বাই বাংলাদেশ, দ্যাট ইজ দ্য রোহিঙ্গা ইস্যু। এ ইস্যু নিয়েও এবার ইউএনজিএ-তে একটা সেশন হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমাদের এ রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা অনেক কথা বলছি, বলছি, বাট আদতে সমস্যাটা আরো ঘনীভূত হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেহেতু বর্ডারের ওই পারে মিয়ানমার সরকার, আরকান আর্মি বিভিন্ন ভাগে বিভক্ত, স্টেক হোল্ডাররা—বিভিন্ন দেশের ওখানে স্টেক আছে; সেই জায়গাটা চিন্তা করে আমাদের রিজিওনাল যে কমপ্লিকেশনটা তৈরি হয়েছে ওখানে, সেখানে কিন্তু আন্তর্জাতিক একটা চাপ না হলে এ সমস্যা সমাধান করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, সেই জায়গাটাতেও কিন্তু আপনাদের যার যার জায়গা যেখানে যেখানে আছেন, আপনাদের একটা ভূমিকা রাখার সুযোগ আছে বলে আমি মনে করি।
এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন, ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান।