পতিত ফ্যাসিস্টদের সঙ্গে বিরোধী দলের মিল রয়েছে: পানিসম্পদমন্ত্রী

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের গালিগালাজকে যদি গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়, তাহলে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। তারা গণতন্ত্র ধ্বংস করতে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না—বিরোধী দলের এমন বক্তব্য রয়েছে বলেও তিনি দাবি করেন

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে এবং তাদের কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় আজ সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের গালিগালাজকে যদি গণতন্ত্রের সৌন্দর্য বলা হয়, তাহলে দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। তারা গণতন্ত্র ধ্বংস করতে নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না—বিরোধী দলের এমন বক্তব্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা যেমন গাড়িতে আগুন, ককটেল হামলা ও ঝটিকা মিছিলের মাধ্যমে দেশের খারাপ পরিস্থিতি তৈরি করেছিল, তার সঙ্গে বর্তমান বিরোধী দলের অপকর্ম, কথাবার্তা ও কর্মকাণ্ডের মিল খুঁজে পাওয়া যায় জানিয়ে এ্যানি বলেন, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, মতের ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন বক্তব্য থাকতে পারে এবং আলোচনা হতে পারে। কিন্তু বিরোধী দল আগের মতোই ফ্যাসিস্টদের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। আগামী পাঁচ বছর তারা সরকারকে শান্তিতে থাকতে দেবে না—এটাই তাদের মনের কথা বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় বক্তব্য দিচ্ছে।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও