গোপালগঞ্জে সংঘর্ষ: ৪০০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় এ মামলা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার গোপালগঞ্জ সদরে পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

এরপর বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ৬টা সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করে প্রশাসন। পরে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তা শিথিল রয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় আজও থমথমে অবস্থা বিরাজ করছে শহরজুড়ে। অতি প্রয়োজন ছাড়া তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে সকাল থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়।

সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

আরও