নিজস্ব ভবন স্থানান্তর করা হয়েছে লক্ষ্মীপুর পৌরসভা। নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক মো জসিম উদ্দিন ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে পৌরসভা ভবনের ৫ম তলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাকের) সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, জনস্বার্থ প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী বিলকিস বেগম, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজসেবক ফারুক হোসেন নুরনবীসহ অনেকে।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৪ হাজার স্কয়ার ফুটের পৌর বিপনিবিতানের ৩য় তলায় পৌর সভার অফিস কার্যক্রম শুরু হয়েছে। এখানে পৌরসভার ৩১ টি শাখা কার্যক্রম পরিচালনা করা হবে। গত ৩ বছর ধরে ভাড়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে প্রতি মাসে দেড় লাখ টাকা ভাড়া বাবদ মোট ব্যয় হয়েছে ৫৪ লাখ টাকা। নিজস্ব ভবনে পৌর সভার কার্যক্রম শুরু হওয়ায় বছরে ১৮ লাখ টাকা লাভ হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক জসিম উদ্দিন।
লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের নাগরিকরা এখন থেকে পৌর বিপনীবিতানের ৩য় তলায় তাদের নাগরিক সেবা গ্রহণ করতে পারবে।