চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নাশকতার একটি বড় পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে র্যাব-৫। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে র্যাব-৫, রাজশাহী সিপিসি-১ এর একটি আভিযানিক দল গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার ধাননী রক্ষণপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ওয়ান শুটার গান, ৫৫ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ঘরের ভেতর মজুদ রাখা বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও প্রস্তুত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—৫০০ গ্রাম গান পাউডার, ৩৫০ গ্রাম সালফার, ১৫টি প্রস্তুত ককটেল, ৪টি টিনের কৌটা, ৩টি কাচের বোতলের ভাঙা অংশ, ৬টি লাল রঙের প্যাকেট, ৩টি স্কচটেপ এবং ৫ রাউন্ড কার্তুজ।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।