রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে হেফাজতে নিয়েছে পুলিশ। বণিক বার্তাকে গতকাল রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। পরে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তার পাশের কক্ষেই অবস্থান করছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম। এ ঘটনার পর রাতেই নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, সংসদ ভবনের উল্টোদিকের ৫ নম্বর ন্যাম ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিআইডির ফরেনসিক দল, পিবিআইসহ পুলিশের অন্যান্য ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলমত সংগ্রহ করেছে।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। এ ঘটনায় ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। বহিষ্কার আদেশে দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়। জামায়াত এ সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কারের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনকেও অবহিত করে।