মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২

মিয়ানমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

এদিন বিকালে সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। এ সময় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

তিনি আরো জানান, অভিযান শেষে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে নৌকায় তল্লাশি চালিয়ে বস্তাগুলোয় থাকা ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

মো. জহিরুল ইসলাম বলেন, জব্দ ইয়াবা ও নৌকাটি হেফাজতে নেয়া হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও