গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। গতকাল জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার টন কাঁচা পাট রফতানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে। একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার টন পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।’
মন্ত্রী জানান, ‘বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রফতানি হয়। তবে বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট রফতানি স্থগিত রয়েছে।’
তিনি জানান, বাংলাদেশ চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পোল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, তিউনিসিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, লাটভিয়া, মেক্সিকো ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রংপুর-৪ আসনের কাউনিয়া বা পীরগাছায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর সদরে একটি টেক্সটাইল ইনস্টিটিউট এবং একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট (টিভিআই) রয়েছে।’
তিনি জানান, বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মধ্যে, বিশেষ করে টিভিআইয়ে নির্ধারিত আসন সংখ্যার তুলনায় বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার প্রত্যাশিত পর্যায়ে নেই। এ কারণে নতুন প্রতিষ্ঠান স্থাপনের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আসন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার, শিক্ষার্থীদের ভর্তি ও প্রশিক্ষণে আগ্রহ বৃদ্ধি এবং শিল্পের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী বলেন, ‘এ অবস্থায়, রংপুর-৪ নির্বাচনী এলাকার কাউনিয়া বা পীরগাছা উপজেলায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নেই।’