রাজধানীর হাতিরঝিল থানার এফডিসি ব্রিজের উপরে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে তাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহেল জানান, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এসডিসি ব্রিজের উপরে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আমরা জানতে পেরেছি, হাতিরঝিল থানার এফডিসি ব্রিজে উপর গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।