গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে আমবাগ এলাকায় কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে প্রায় কয়েকশ শ্রমিক টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানার শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে শ্রমিকেরা মিতালী ক্লাব-নতুনবাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সড়ক অবরোধের কারণে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, নির্ধারিত সময় পার হয়ে গেলেও বেতন পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সমস্যা সমাধানে তারা কারখানা কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, চলতি মাসের ১০ তারিখে বেতন দেয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করে কারখানার সামনে সাধারণ ছুটির নোটিশ টানিয়ে দেয়।
শাহানা আক্তার নামে এক নারী শ্রমিক বলেন, প্রতিমাসেই মালিকপক্ষ বেতন নিয়ে তালবাহানা করে। বেতন না পাওয়ায় তারা ঘরভাড়া, দোকানের বকেয়া ও সন্তানদের স্কুলের বেতন পরিশোধ করতে পারছেন না। বাড়িওয়ালা তাদের ঘর থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি।
শাহানা আক্তার আরো বলেন, মালিকের অন্য কারখানাগুলোতে নিয়মিত বেতন দেয়া হচ্ছে। তাদের কারখানার শ্রমিকদের ক্ষেত্রে কেন এমন সমস্যা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার বিকাল সাড়ে ৪টায় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছিলেন।