আরেক দফা স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৬ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৮৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৩ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত বছরে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল; যেখানে স্বর্ণের দাম ৬৪ বার বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রৌপ্যের দামও। ভরিতে ২৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৪ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ২৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৭ দফা। আর গত বছর মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম, যেখানে বেড়েছিল ১০ বার।